পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে দেশজুড়ে সাইকেল অভিযানে বেরিয়ে বুধবার রাতে ইসলামপুর শহরে এসে পৌঁছালেন রাজস্থানের সাইক্লিস্ট পাপ্পু রাম চৌধুরী।

তাঁর এই অভিযানের নাম ‘শক্তি সংকল্প সফর’। শহরে পৌঁছানোর পর তাঁকে ইসলামপুরের সার্কিট হাউসে মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। জানা গিয়েছে, পাপ্পু রাম চৌধুরীর এই সুদীর্ঘ সাইকেল যাত্রা শুধুমাত্র পরিবেশ সচেতনতাতেই সীমাবদ্ধ নয়, তাঁর চূড়ান্ত লক্ষ্য হলো ২০২৬ সালে মাউন্ট এভারেস্টে আরোহণ করে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা।

তাঁর এই যাত্রার মূল উদ্দেশ্য হলো সারা দেশের মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা। যাত্রা পথে তিনি মোট এক লক্ষ চারা গাছ লাগানোর লক্ষ্য স্থির করেছেন এবং ইতিমধ্যে ২১,০০০-এরও বেশি চারা গাছ লাগিয়েছেন।

পাপ্পু রাম জানান, তাঁর শেষ লক্ষ্য হলো এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো এবং শেষ পর্যন্ত ২০২৬ সালে মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করা। ২০২৩ সালের এপ্রিল মাসে রাজস্থানের নাগৌর জেলা থেকে তিনি তাঁর একক সাইকেল যাত্রা শুরু করেন। দেশের ১৭টি রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল সহ ইতিমধ্যেই ৩৫,০০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছেন। ইসলামপুরে তিনি পরিবেশ সচেতনতা নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন এবং তাঁর এই যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নেন। দেশের মধ্যে দীর্ঘতম সাইকেল যাত্রার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পথেও তিনি এগিয়ে চলেছেন। ইসলামপুর থেকে তিনি এবার উত্তর-পূর্ব ভারতের দিকে তাঁর যাত্রা শুরু করবেন এবং তারপর নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের দিকে অগ্রসর হবেন। স্থানীয় পরিবেশপ্রেমীরা সাইক্লিস্ট পাপ্পু রাম চৌধুরীর এই অদম্য উদ্যোগ এবং পরিবেশ সুরক্ষার বার্তাকে সাধুবাদ জানিয়েছেন এবং সংবর্ধনা দিয়েছেন ।












