রাজ্যে শিক্ষার ডিজিটাল দিগন্তে নতুন মাইলস্টোন

শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে নবনির্মিত স্মার্ট ক্লাসরুম উদ্বোধনের অপেক্ষায়
পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়— সর্বত্রই গড়ে উঠছে অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম। ডিজিটাল বোর্ড, প্রজেক্টর থেকে শুরু করে অডিও–ভিজ্যুয়াল লার্নিং সিস্টেম— আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সুবিধা ইতিমধ্যেই রাজ্যজুড়ে সাড়া ফেলেছে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষামহলের একাংশের মতে, এই উদ্যোগ ছাত্রছাত্রীদের শেখার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
উত্তর দিনাজপুর জেলার শ্রীকৃষ্ণপুর হাই স্কুলেও সরকারি প্রকল্পে একটি নতুন স্মার্ট ক্লাসরুম নির্মিত হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক উদ্বোধন বাকি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত কিছু প্রস্তুতি এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলেই এটি চালু করা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এতদিন যে বিষয়গুলি কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল, এখন তা ছাত্রছাত্রীদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। ফলে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ আরও বেড়েছে।”
স্মার্ট ক্লাসরুমের নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত দেব সরকার ও সুদীপ্ত ভৌমিক। তাঁদের কারিগরি দক্ষতা ও শিল্পবোধের সমন্বয়ে তৈরি এই কক্ষটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে তাঁদের এই কাজ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আর এই কর্ম কান্ড সম্পন্ন হয়েছিল ইসলামপুরের প্রাক্তন বিডিও সাহেবা দীপান্বিতা বর্মনের সময়। বর্তমানে নতুন বিডিও পিনাকী দেবনাথ এর তত্ত্বাবধানে উদ্বোধন হতে চলেছে নবনির্মিত এই স্মার্ট ক্লাসরুম।
এদিকে স্মার্ট ক্লাসরুমটি তৈরি হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো। বিদ্যালয়ের শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আনুষ্ঠানিকভাবে তারা এই আধুনিক শ্রেণিকক্ষে পাঠ নিতে পারবে।
রাজ্যের অন্যান্য সরকারি স্কুলগুলির মতো এখানেও স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের শেখার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে সরকারি স্কুলগুলির এই আধুনিকীকরণ বেসরকারি স্কুলগুলিকেও প্রতিযোগিতায় ফেলছে। পরিবর্তিত শিক্ষা–পরিবেশে উন্নত পরিকাঠামো এবং ডিজিটাল সুবিধা এনে সরকারি বিদ্যালয়গুলি নিজেদের মানোন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
শিক্ষামহলের মতে, রাজ্য সরকারের এই উদ্যোগ পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর শিক্ষার এক নতুন অধ্যায়ের সূচনা করল।













