ইসলামপুর মহকুমা আদালতে ই-সেবা কেন্দ্রের উদ্বোধন, বিচার ব্যবস্থায় ডিজিটাল পরিষেবার সূচনা

ইসলামপুর: সোমবার ইসলামপুর মহকুমা আদালত প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ই-সেবা কেন্দ্র। এই ই-সেবা কেন্দ্রের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা ও দায়রা বিচারক আতাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা আদালতের এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট-টু-এর বিচারক নীলাঞ্জন দে এবং বিশিষ্ট আইনজীবী সৌমেন্দু মজুমদার।

এই ই-সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই মামলার বর্তমান অবস্থা, পরবর্তী শুনানির তারিখসহ মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। পাশাপাশি সংশোধনাগারে বন্দি ব্যক্তিদের আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য ই-মুলাকাত বুকিং সংক্রান্ত সহায়তাও পাওয়া যাবে এই কেন্দ্র থেকে।

এছাড়াও কোন দিন কোন মাননীয় বিচারক বা মাননীয়া বিচারক ছুটিতে আছেন কিনা, সে সম্পর্কেও তথ্য মিলবে। জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ, হাই কোর্ট আইনি পরিষেবা সমিতি এবং সুপ্রিম কোর্ট আইনি পরিষেবা সমিতির মাধ্যমে কীভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যায়, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানানো হবে এই ই-সেবা কেন্দ্র থেকে।
p
উল্লেখযোগ্য বিষয় হলো, এই পরিষেবাগুলি ডিজিটাল মাধ্যমে উপলব্ধ। অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ফোন ব্যবহারকারীরা ‘ই-কোর্ট’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে সহজেই এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।
উপস্থিত বিচারক ও আইনজীবীরা জানান, এই ই-সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার সঙ্গে আরও স্বচ্ছ ও সরাসরি যুক্ত হতে পারবেন। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষ যেন কোনোভাবেই বিচার ব্যবস্থায় প্রতারিত না হন—এই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ ভবিষ্যতে অনেকটাই উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।













