কলকাতায় কাজ করতে গিয়ে নারকীয় নির্যাতনের শিকার এক কিশোর

কলকাতায় কাজ করতে গিয়ে নারকীয় নির্যাতনের শিকার হওয়া এবং পরবর্তীকালে নিখোঁজ থাকার পর নিজের বাড়িতে ফিরেছিল ইসলামপুরের ছঘরিয়া এলাকার কিশোর সামসাদ আলম। পরবর্তীতে পুলিশ তাকে আইনি প্রক্রিয়ার জন্য আবার কলকাতায় নিয়ে গিয়ে একটি হোমে রাখে। প্রায় তিন মাস হোমে থাকার পর সে গত শুক্রবার রাতে মাটিকুন্ডার ছঘরিয়া এলাকায় নিজ বাসভবনে ফিরে আসে। এই খবর পাওয়ার পর রবিবারই সামসাদের বাড়িতে পৌঁছান সিপিআইএম নেতৃত্ব। উল্লেখ্য, রবীন্দ্রনগর থানা এলাকায় একটি জিন্স ওয়াস কারখানায় মোবাইল চুরির অভিযোগে তাকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই বর্বরোচিত ঘটনার পর থেকেই সামসাদ আলম গত প্রায় ৪২ দিন নিখোঁজ ছিল। এদিন সামসাদের বাড়িতে গিয়ে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন সিপিআইএম নেতৃত্ব। কিশোর ও তার পরিবারের সঙ্গে কথা বলেন। সিপিআইএম নেতা সামি খান জানান, এই কিশোরের উপর যে মানসিক অত্যাচার হয়েছে, তার জন্য রাজ্য সরকারকেই ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, তিনি আরও বলেন, সামসাদের ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত পড়াশোনার দায়িত্ব সিপিএম পার্টি নিবে। সামসাদের পরিবারের অভিযোগ, বেতনের টাকা না দিতে চাওয়ায় তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছিল। পরিবারের আশঙ্কা ছিল, তাকে খুনও করা হতে পারে। মালিকপক্ষের বিরুদ্ধে অপহরণ, মারধরসহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ।
বর্তমানে সামসাদ বাড়ি ফিরলেও, এই মধ্যযুগীয় বর্বরতার স্মৃতি নিয়ে সে এবং তার পরিবার এখনো আতঙ্কিত। সিপিআইএম-এর তরফে পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণায় কিছুটা হলেও আশার আলো দেখছেন তাঁরা।

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें