ইসলামপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা — পৌরপিতা কানাইয়ালাল আগরওয়ালের প্রতি নার্সের দুর্ব্যবহারে তৃণমূল নেতৃত্বের ক্ষোভ

রোগী মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত, হাসপাতাল সুপার ছুটিতে থাকায় আলোচনাহীন থেকে গেল বৈঠক
ইসলামপুর, ২৫ অক্টোবরঃ
ইসলামপুর মহকুমা হাসপাতালে গতকালের রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার আবহে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের প্রতি এক কর্মরত নার্সের দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল নেতৃত্ব ও কাউন্সিলর প্রতিনিধিরা।

আজ সকালে তারা দলবদ্ধভাবে ইসলামপুর মহকুমা হাসপাতালে যান বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে। তবে হাসপাতালের সুপার ডা. সুরজ সিনহা ছুটিতে থাকায় বৈঠকটি সম্ভব হয়নি। নেতৃত্বদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার সুপার হাসপাতালে ফিরলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ঘটনার পর হাসপাতালের অন্য চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়। নেতৃত্বদের দাবি — একজন জনপ্রতিনিধির প্রতি নার্সের এমন অশোভন আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি রণজিৎ দে, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি বিক্রম দাস, যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জিত গাঙ্গুলি, যুব তৃণমূলের ইসলামপুর টাউন সভাপতি সুশান্ত পাল, ইসলামপুর টাউন তৃণমূল সভাপতি বাপি পাল চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে, ঘটনার পর কিছু সংবাদমাধ্যমে প্রচারিত বিকৃত খবরের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেতৃত্বরা। তাদের বক্তব্য, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সত্য তথ্য তুলে ধরা উচিত — ‘ভুল তথ্য প্রচার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়’।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের পরিবেশ বর্তমানে স্বাভাবিক হলেও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবাই এখন নজর রাখছে আগামী বুধবারের বৈঠকের দিকে — সেদিনই ঠিক হবে, এই ঘটনায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে।
🖋️ উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে: অরিজিৎ বিশ্বাসের রিপোর্ট পশ্চিমবঙ্গ বার্তা ডিজিটাল













