দাড়িভিট ভাষা শহীদ কাণ্ডের ফাইল পুনরায় খোলা হয়েছে

দাড়িভিট ভাষা শহীদ কাণ্ডের ফাইল পুনরায় খোলা হয়েছে, দোষীরা শীঘ্রই আইনের মুখোমুখি হবে: প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস

 

ইসলামপুর, ৭ জুলাই: উত্তরবঙ্গ উন্নয়ন ও আইন প্রতিমন্ত্রী তথা করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস মঙ্গলবার ইসলামপুর সফরে এসে প্রথমে বিজেপির দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে পরিচয়পর্ব ও মতবিনিময় করেন। তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন ইসলামপুর মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায়। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন ও শিউলি চক্রবর্তী, জেলা সহ-সম্পাদক তাপস বিশ্বাস, ইসলামপুর টাউন মণ্ডলের সহ-সভাপতি প্রকাশ পাল-সহ অন্যান্য নেতৃত্ব।

পরে প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস দাড়িভিটে পৌঁছে ভাষা শহীদ রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি দুই ভাষা শহীদের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমি নিজেও এই মামলার একজন সাক্ষী ছিলাম। আমাদের সরকার ক্ষমতায় আসার পরই দাড়িভিট ভাষা শহীদ কাণ্ডের ফাইল পুনরায় খোলা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রাজেশ ও তাপসের পরিবারকে আমি নিজের পরিবারের মতোই মনে করি। সেই কারণেই আজ তাঁদের পাশে দাঁড়াতে এখানে এসেছি।”

 

অন্যদিকে ভাষা শহীদ তাপস বর্মনের মা প্রতিমন্ত্রীকে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার যন্ত্রণা তাঁকে কুরে কুরে খাচ্ছে। প্রতিমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং মামলার ফাইল তাঁর তত্ত্বাবধানে রয়েছে।

 

তাপসের মা বলেন, “এতদিন পরও দোষীদের প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। আমি চাই দ্রুত প্রকৃত অপরাধীদের শাস্তি হোক।” তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে তাঁর। এ বিষয়ে প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাসও তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা দাড়িভিট ভাষা শহীদ পরিবারের সদস্যদের মধ্যে এদিনের সাক্ষাৎ ও আশ্বাস নতুন করে প্রত্যাশার সঞ্চার করেছে।

Leave a Comment

और पढ़ें

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें