দুই দেশে দুই পরিচয়! ইসলামপুরে পুলিশের জালে বাংলাদেশি রূপায়ণ ওরফে পঞ্চানন পাল

উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমায় চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম পঞ্চানন পাল, বাংলাদেশের ঠাকুরনগর উপজেলার বালিয়াডাঙ্গা থানার বাসিন্দা। তবে ভারতের মাটিতে তিনি পরিচিত ছিলেন ‘রূপায়ণ পাল’ নামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছে বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ভারতের আধার কার্ড, ভোটার কার্ড এমনকি ভারতীয় পাসপোর্টও উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দিল্লির গুরগাঁও এলাকার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।
শুক্রবার পণ্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজাভিটা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ ও বিএসএফ।
অভিযোগ, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে দুই দেশের পরিচয়পত্র ব্যবহার করে ভারতে বসবাস করছিলেন। কীভাবে তিনি ভারতীয় নথিপত্র সংগ্রহ করলেন, কারা এতে জড়িত—তা খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ। অভিযুক্ত বাংলাদেশি নাগরিককে আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা মহলে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনাকে ঘিরে।
উত্তর দিনাজপুর থেকে অরিজিৎ বিশ্বাস এর রিপোর্ট পশ্চিমবঙ্গ বার্তা ডিজিটাল।












